পশ্চিমা নিষেধাজ্ঞার বিরুদ্ধে হুঁশিয়ারি
উচ্চারণ করে রাশিয়া বলেছে, যদি এই বিকারগ্রস্ততা অব্যাহত থাকে তাহলে পাল্টা
জবাবের বিষয়টি মস্কো বিবেচনা করতে পারে।
রাশিয়া ইউক্রেন পরিস্থিতিকে অস্থিতিশীল
করে তুলছে বলে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন অভিযোগ করে আসছে। এ অভিযোগে তারা
রাশিয়ার ওপর কয়েক দফা নিষেধাজ্ঞাও আরোপ করেছে। তবে, রাশিয়া এ অভিযোগ বরাবরই
অস্বীকার করে আসছে। মস্কো বলছে, ইউক্রেনের জনগণ স্বতঃস্ফূর্তভাবে চলমান
বিক্ষোভ-প্রতিবাদ শুরু করেছে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
গতকাল (বুধবার) ব্লুমবার্গ টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন। তিনি
বলেন, “যদি পশ্চিমা দেশগুলো তাদের অপেশাদার ও বিকারগ্রস্ত নীতি অব্যাহত
রাখে তাহলে আমরাও পাল্টা কিছু করার কথা ভাবতে বাধ্য হব।”
তিনি জোর দিয়ে বলেছেন, ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে যেকোনো ধরনের নতুন নিষেধাজ্ঞা মস্কোর অবস্থানকেই শুধু শক্ত করবে।
ল্যাভরভ বলেন, রাশিয়া কারোর সঙ্গে
দ্বন্দ্বে লিপ্ত হতে চায় না তবে ওয়াশিংটন ও ব্রাসেলস থেকে যেসব হুমকি আসছে
তাতে মনে হচ্ছে তারা প্রতিশোধ নিতে চায়।





