বাংলা নিউজ ডেস্ক :
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ সারিয়াকান্দিতে চলতি প্রাথমিক সমাপনী পরীক্ষার দ্বিতীয় দিনে বাংলা পরীক্ষায় কেন্দ্র থেকে প্রশ্নপত্র ফাঁস করার ঘটনায় কেন্দ্র সচিবকে অব্যহতি প্রদান করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গেছে, উপজেলার নারচী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার পরীক্ষা শুরুর ৪৫মিনিট পূর্বে সহকারি কমিশনার (ভূমি) আব্দুল কাদের নারচী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরিদর্শনে যান। এসময় তিনি উপস্থিত কেন্দ্র সচিব ও নারচী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস,এম রইচ উদ্দিন এবং দায়িত্বপ্রাপ্ত (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ও উপজেলা যুব উন্নয়ন অফিসারের নিকট প্রশ্নপত্রের প্যাকেটগুলো দেখতে চান। এসময় কেন্দ্রে সরবরাহকৃত ৫টি প্যাকেটের মধ্য ৪টি প্যাকেট সীলগালা অবস্থায় দেখানো হয়। এসময় তিনি আরও একটি প্রশ্নের প্যাকেট আছে সেটিও দেখানোর জন্য তাদেরকে অনুরোধ জানান। এরপর কেন্দ্র সচিব ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা খোলা অবস্থায় প্যাকেটটি উপস্থাপন করলে সহকারি কমিশনার (ভূমি) মোঃ আব্দুল কাদের প্রশ্নের সংখ্যা গণনা করার জন্য বলেন। গণনা শেষে ১০টি প্রশ্নপত্রই আছে বলে জানান। কিন্তু  সহকারি কমিশনার ভূমির গণনাতে সন্দেহ হলে সবার সম্মুখে নিজেই গণনা করেন এবং ২টি প্রশ্ন পত্র কম অর্থাৎ ৮টি প্রশ্ন পত্র পাওয়া যায়। এব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল কাদের বলেন, আমি ঘটনাটি লিখিত ভাবে উল্লেখ পূর্বক বগুড়া জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের জানিয়েছি। উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল আলম বলেন, পত্রটি পাওয়ার পরপরই ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব এসএম রইচ উদ্দিনকে দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুতি চলছে।