ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেতস্ক
আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে কিয়েভ। রুশপন্থি
অস্ত্রধারীদের হাত থেকে বিমানবন্দরটির নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার লক্ষ্যে
সোমবার এ হামলা চালিয়েছে ইউক্রেন।
সোমবারের সংঘর্ষে কোনো পক্ষেরই হতাহতের
সম্ভাব্য সংখ্যা জানা যায়নি। তবে আঞ্চলিক প্রশাসনের গণমাধ্যম বিভাগ
জানিয়েছে, সংঘর্ষে অন্তত একজন নিহত ও দু’জন আহত হয়েছে।
হামলার পরপরই বিমানবন্দর ও এর আশপাশের
এলাকায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় অনেক দূর থেকে গোলাগুলির
শব্দ ও ধোয়ার কুণ্ডলি উড়তে দেখা যায়। সেই সঙ্গে আকাশ থেকে জঙ্গিবিমান
বোমাবর্ষণ করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষে যোগ দিতে বিমানবন্দরে
প্যারাট্রুপারদের নামতে দেখা গেছে।
প্রায় দু’মাস আগে ইউক্রেনের পূর্বাঞ্চলে
উত্তেজনা তুঙ্গে ওঠার পর সোমবারের সংঘর্ষকে অন্যতম রক্তক্ষয়ী লড়াই বলে
জানিয়েছে কোনো কোনো সংবাদ মাধ্যম। চার থেকে পাঁচ ঘন্টার সংঘর্ষের পর
ইউক্রেনের সেনাবাহিনী কিছু রুশপন্থিকে শহরের দিকে তাড়িয়ে দিতে সক্ষম হলেও
বিমানবন্দরটির নিয়ন্ত্রণ পুরোপুরি ফিরে পেয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়।





