ইউক্রেন সীমান্ত থেকে রুশ সেনারা তাদের
ঘাঁটিগুলোতে ফিরে যেতে শুরু করেছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়
জানিয়েছে। আজ (মঙ্গলবার) প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, যেসব রুশ সেনা
ইউক্রেন সীমান্তের কাছে অবস্থান নিয়েছিল তারা তাদের ক্যাম্পগুলো গুটিয়ে
নিজেদের ঘাঁটিতে ফেরার প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে ব্রায়ানস্ক, বেলগুরুদ ও
রোস্তফ এলাকায় অবস্থান নেয়া সেনারা রয়েছে। এসব অঞ্চলে রাশিয়া ৪০ হাজার সেনা
মোতায়েন করেছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সীমান্ত
অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ জারি করার একদিন পর ক্যাম্প গুটিয়ে
নেয়া শুরু হলো। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে পাশ্চাত্যের সম্পর্কে যে
টানাপড়েন সৃষ্টি হয়েছে তা কমাতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে ধারণা করা
হচ্ছে।
সামরিক বিশেষজ্ঞরা বলেছেন, সেনা
প্রত্যাহারের নির্দেশ জারির ফলে এটা স্পষ্ট যে ইউক্রেনের সংঘাতপূর্ণ
পূর্বাঞ্চলে রুশ সেনা পাঠানোর কোন ইচ্ছে পুতিনের নেই। তবে সেনা প্রত্যাহার
করতে ক’দিন সময় লাগবে, সে বিষয়ে স্পষ্ট কোন তথ্য পাওয়া যায়নি।
জাতিসংঘের হিসেব অনুযায়ী ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে রুশপন্থীদের সঙ্গে ইউক্রেনের সেনাদের সংঘর্ষে অন্তত ১৩০ জন নিহত হয়েছে।
২০ মে (রেডিও তেহরান)





