ফেনীর ফুলগাজী উপজেলার চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হক হত্যা মামলার আসামি বিএনপি নেতা মাহাতাব উদ্দিন চৌধুরী মিনারকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।আজ (মঙ্গলবার) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয় বলে গোয়েন্দা সূত্র জানিয়েছে। নৃশংসভাবে একরাম হত্যাকান্ডের পর জেলা আওয়ামী লীগের পরামর্শে হত্যা মামলা দায়ের করে নিহত একরামের পরিবার। মামলায় বিএনপির নেতা মাহতাব উদ্দিন চৌধুরী মিনারের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫ জনকে আসামি করা হয়।
যদিও হত্যাকান্ডের সঙ্গে জড়িত আট জনকে গ্রেপ্তারের পর তারা ঘটনার দায় স্বীকার করেছে। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের পরিকল্পনায় এ হত্যাকান্ড সংগঠিত হয় বলে তারা জিজ্ঞাসাবাদে জানিয়েছে। হত্যাকান্ডে জড়িতরা স্থানীয় এমপি নিজাম হাজারির আত্মীয় ও ঘনিষ্টজন বলে পরিচিত। হত্যাকান্ডে সংশ্লিষ্টতার বিষয়ে নিজাম হাজারির দিকেও আঙুল তুলছেন স্থানীয়রা।
এদিকে একরামুল হককে হত্যার মূল পরিকল্পনাকারী ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহিদ চৌধুরী ওরফে জিহাদকে রোববার আটক করা হয়। গতকাল (সোমবার) তাকে আট দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
উল্লেখ্য, গত ২০ মে ফেনী শহরে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরামকে দিনদুপুরে প্রথমে গুলি করে ও পরে গাড়িতে আগুন দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। পরে নিহত একরামুল হকের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা করেন।
তবে গত শনিবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এক সংবাদ সম্মেলনে বলেছে, আওয়ামী লীগ নেতা জিহাদ চৌধুরীর সঙ্গে অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম খুন হয়েছেন। আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে সংস্থাটি।




