ইউক্রেনে রাশিয়ার দূতাবাসে হামলার ঘটনায় দেশটির পুলিশ নিষ্ক্রিয় ছিল বলে অভিযোগ করেছে মস্কো।
রুশপন্থি গেরিলাদের হাতে পূর্বাঞ্চলীয় লুহানস্ক শহরে ইউক্রেনের একটি সামরিক বিমান ভুপাতিত হওয়ার পর কিয়েভে রুশ দূতাবাসে হামলা হলো।
গতকাল (শনিবার) স্বল্পসংখ্যক ব্যক্তি
রাজধানী কিয়েভে রুশ দূতাবাসে হামলা চালায় এবং তারা দূতাবাস ভবনের জানালা
ভাংচুর ও ভেতরে ডিম ছুঁড়ে মারে। এসময় পুলিশ হামলাকারীদের ঠেকানোর কোনো
চেষ্টা করে নি বলে অভিযোগ তুলেছে মস্কো। বলা হচ্ছে- কিছু উগ্রপন্থি
বিক্ষোভকারী দূতাবাসের ভেতরে স্মোক গ্রেনেড ও বিস্ফোরক দ্রব্যও ছুঁড়ে মারে।
এছাড়া, বিক্ষোভকারীরা দূতাবাসের একটি গাড়িও ভাংচুর করে এবং রাশিয়ার
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে নানা শ্লোগান দেয়।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ
ঘটনার তীব্র প্রতিবাদ করে একে আন্তর্জাতিক আইনে মারাত্মক লংঘন বলে উল্লেখ
করেছে এবং রুশ দূতাবাস ও কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি
জানিয়েছে। এছাড়া, হামলার ঘটনাকে খুনি গুণ্ডাদের কাজ বলে মন্তব্য করেছে।





