১১ জুন: বাংলাদেশের
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যার বিষয়ে
জানতেন দাবি করে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেন, তাকে
রিমান্ডে নেয়া হলেই জিয়া হত্যার আসল রহস্য বের হবে।
আজ (বুধবার) সন্ধ্যায় মালয়েশিয়ার কুয়ালালামপুরের পুত্রা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। তারেক রহমান প্রশ্ন রেখে বলেন, “হাসিনা দেশে ফেরার মাত্র ১৭ দিন পরই কেন জিয়া খুন হলেন? হাসিনা যদি কিছু না জানবেন, তাহলে কেন তিনি বোরকা পরে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন?”
শেখ হাসিনাকে রাষ্ট্রপরিচালনায় ব্যর্থ
আখ্যা দিয়ে তিনি বলেন, “বিডিআর-এ কর্মরত সেনাবাহিনীর ৫৭ জন কর্মকর্তা
হত্যার জন্য ডিফেন্স মিনিস্ট্রির দায়িত্বে থাকা শেখ হাসিনার কেন ফাঁসি হবে
না। তার তো ৫৭ বার ফাঁসি হওয়া উচিত।"
তারেক রহমান বলেন, “আওয়ামী লীগ যখনই
ক্ষমতায় আসে তখনই বাংলাদেশকে বিশ্বের দরবারে হেয় প্রতিপন্ন করে। শেখ মুজিব
ক্ষমতায় এসে বাংলাদেশকে তলাবিহীন জুড়ি হিসেবে পরিচিত করেছিলেন। শেখ হাসিনা
৯৬ সালে ক্ষমতায় আসার পর বাংলাদেশকে দুর্নীতিতে এক নম্বর বানিয়েছেন। ২০০৮
সালে ক্ষমতা দখল করে পদ্মা সেতুর দুর্নীতিতে জড়িয়ে আরো একবার বাংলাদেশকে
বিশ্বের দরবারে কলঙ্কিত করেছেন।”
এবার আবার সোনা চোরদের পক্ষ নিয়েছেন অভিযোগ করে শেখ হাসিনাকে কঠোর ভাষায় সমালোচনা করেন তারেক রহমান।
তিনি বলেন, “আওয়ামী লীগ নিজেদের প্রয়োজনে এমন কোনো কাজ নেই- যা তারা করতে পারে না। এরা নিজেদের প্রয়োজনে নিজ দলের লোকদেরও হত্যা করতে দ্বিধা করে না। বিরোধী দল তো বটেই।“
তিনি উদাহরণ দিয়ে বলেন, “এই মাত্র কয়েক দিন আগে শীতলক্ষ্যা নদী থেকে বেশ কয়েকজন মানুষের লাশ উদ্ধার হলো। এরা কাদের লোক? এরা সবাই আওয়ামী লীগের লোক। অথচ তাদের হত্যা করা হলো।”
তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ করে বলেন, “ভালো আছি, আবার ভালোও নেই। আপনারা এখানে ভালো আছেন। কারণ, এখানে হাসিনা নেই।”
আওয়ামী লীগের নামকরণ নিয়ে সমালোচনা করে তারেক বলেন, “আওয়ামী লীগের নামটাই তো ঠিক নেই। আওয়ামী শব্দটি উর্দু। যার অর্থ জাতি। লীগ শব্দটি ইংরেজি, যার অর্থ পার্টি বা দল। অর্থাৎ আওয়ামী লীগের অর্থ জাতি পার্টি। এতদিনে তারা তাদের দলের নামও পরিবর্তন করতে পারেনি।”
সন্ধ্যায় দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে
তারেক রহমানের এ কর্মসূচি শুরু হয়। এর আগে তারেক রহমান র্যাব বিলুপ্তির
দাবিতে মালয়েশিয়ায় গণস্বাক্ষর কর্মসূচিরও উদ্বোধন করেন। #
-রেডিও তেহরান





