অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের পাশবিক
হামলার ২৩তম দিনে বুধবার আরো তিন ইহুদিবাদী সেনা নিহত ও ২৭ সেনা আহত হয়েছে।
ইসরাইলি সেনাবাহিনী বুধবার রাতে এসব হতাহতের খবর স্বীকার করেছে।
তবে হামাস বলেছে, তাদের হামলায় অন্তত ২০ ইসরাইলি সেনা নিহত হয়েছে।
ইহুদিবাদী বাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক
একজন মুখপাত্র জানিয়েছেন, “আজ (বুধবার) গাজা উপত্যকার ভেতরে তিন সৈন্য নিহত
হয়েছে।” এ ছাড়া, ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, একটি
ফিলিস্তিনি বাড়ির ভেতর ‘টানেল’ খুঁজতে গিয়ে ওই তিন সেনা নিহত হয়। বাড়িটিতে
হামাসের ফাঁদ পাতা ছিল এবং ইসরাইলি সেনারা বাড়িটিতে ঢোকার পরপরই দু’টি
বিস্ফোরণে তারা মারা যায়।
তবে নিজের সেনাদের মারাত্মক এ ক্ষয়ক্ষতির
খবর প্রচারে রাখঢাক করতে গিয়ে পরস্পরবিরোধী খবর দিয়েছে তেল আবিব। ইসরাইলের
গণমাধ্যম জানিয়েছে, একটি বাড়ির দেয়াল চাপা পড়ে তিন ইসরাইলি সেনা নিহত ও ১৫
জন আহত হয়েছে। বাকি ১২ সেনা গাজার বিভিন্ন এলাকায় আহত হয়েছে।
হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাসসাম
ব্রিগেড জানিয়েছে, দখলদার সেনারা গাজার খান ইউনিস শহরের একটি বাড়িতে হামলা
চালাতে গেল তাদের পাল্টা হামলায় অন্তত ২০ ইহুদিবাদী সেনা নিহত হয়েছে।
ব্রিগেডের এক বিবৃতিতে বলা হয়েছে, খান ইউনিসের যে বাড়িতে বুধবার ইসরাইলি
সেনারা প্রবেশ করে সেখানে ১২ ব্যারেল বিস্ফোরক পাতানো ছিল। দখলদাররা
ঢোকামাত্র ভয়াবহ বিস্ফোরণে বাড়িটি কেঁপে ওঠে। ফলে বাড়িটিতে প্রবেশকারী একজন
ইসরাইলি সেনাও জীবিত বের হতে পারে নি।
সুত্র : রেডিও তেহরান




