বাংলা নিউজ ডেস্ক
জুতো সব সময় জোড় সংখ্যাতেই ভালো। একপাটি জুতো হারিয়ে গেলে অন্যটা যে অচল। হোক না পায়ে পরবেন না, তবু মেসি নিশ্চয়ই তিন নম্বর সোনার জুতোটি জিতে খুশি ছিলেন না। এবার চার নম্বরও এসে গেল। আজ মেসির হাতে বার্সেলোনায় আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে ইউরোপের শীর্ষ গোলদাতার এই পুরস্কার।

দীর্ঘ বিরতির পর এই পুরস্কার জিতলেন আর্জেন্টাইন তারকা। ২০০৯-১০ থেকে পরের চার মৌসুমে তিনবারই জিতেছিলেন। এরপর চার মৌসুম বিরতি। দুবার করে ক্রিস্টিয়ানো রোনালদো আর সুয়ারেজ জেতার পর মেসি আবার চুমু আঁকলেন সোনায় মোড়ানো জুতোটায়। এরপর চারটি বুট সামনে রেখে ছবিও তুললেন। গতবার লা লিগায় ৩৭ গোল করে ৭৪ পয়েন্ট নিয়ে মেসি ছিলেন ইউরোপের সেরা গোলদাতা। 

ইউরোপের সব লিগ মিলিয়ে এই পুরস্কার দেওয়া হয়। তবে লিগ বিবেচনায় গোলপ্রতি পয়েন্ট ভিন্ন থাকে। নিচু সারির লিগগুলোয় প্রতি গোলে দেড় ও ১ পয়েন্ট বরাদ্দ হয়। শীর্ষ লিগগুলোর গোল পায় ২ পয়েন্ট করে।