বাংলা নিউজ ডেস্ক:
আজ দুপুর ১টায় মাঠে গড়াচ্ছে ঢাকা ডায়নামাইটস ও কুমিলা ভিক্টোরিয়ার্স এর ম্যাচ।   ঢাকার জয়রথ সচল। চলছে উল্কার বেগে।  সব মিলে দারুণ এক দল ঢাকা। এ মুহূর্তে সর্বাধিক ম্যাচ জেতানো পারফরমারে ঠাসা। সেই দলে যুক্ত হয়েছেন পাকিস্তানের মোহাম্মদ আমিরও। শনিবার রাতেই রাজধানীতে এসে পৌঁছৈছেন এ বাঁহাতি ফাস্টবোলার।

এমনিতেই দারুণ দল। শুধুই তারকায় ভরা না, ম্যাচ জেতানো পারফরমারেও ঠাসা । সে কারণে দুর্দমনীয় হয়ে উঠা। সেই দলে মোহাম্মদ আমিরের মত একজন ফাস্টবোলারের অন্তর্ভুক্তি, ঢাকার শক্তি যে আরো বাড়ল!

এই তো কয়েক মাস আগে ইংল্যান্ডের ওভালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আমিরের এক আগুন ঝড়ানো স্পেলে বিরাট কোহলির ভারতের বিশ্বসেরা ব্যাটিং লাইন আপ পুরে ছাড়খাড় হয়েছিল। সেই আমির এখন ঢাকা ডায়নামাইটস শিবিরে।

আমির ও ঢাকা সাপোর্টাররা অপেক্ষার প্রহর গুণছেন। ভাবছেন আজ দুপুরে কুমিল্লার সাথে ম্যাচেই হয়ত আমিরের বারুদমাখা বোলিংয়ের দেখা মিলবে। এমন এক ফাস্টবোলারকে ছাড়া কি আর মাঠে নামবে সাকিবের দল?

দর্শক, ভক্ত ও সমর্থকরা তাদের মতো করেই ভাবছেন। কিন্তু ভিতরের খবর অন্যরকম। ম্যাচের আগের দিন রাতেও ঠিক হয়নি আমির খেলবেন, কি খেলবেন না। নাহ, কোন ইনজুরি নেই। আবার ভ্রমণ ক্লান্তি, অবসাদও নেই। তাহলে সমস্যা কোথায়? আমিরের খেলা নিয়ে সংশয় কিসের?

এ প্রশ্নের সত্যিকার জবাব দিতে পারেননি কোচ খালেদ মাহমুদ সুজনও। রোববার রাতে নিশ্চিত করে বলতে পারেননি , আমির খেলবেনই। কিন্তু কেন এ অনিশ্চয়তা? আমিরের মত বিশ্ব মানের ফাস্টবোলার খেলবেন, কি খেলবেন না; তা বলতে কেন দ্বিধা আর সংশয় ঢাকা কোচের? খুব জানতে ইচ্ছে করছে, তাইনা?

খালেদ মাহমুদের ব্যাখ্যা , ‘আমি আমার দলের শক্তির জায়গায় হাত দিতে গিয়ে দশবার ভাবছি। আমার মনে হয় এ মুহূর্তে আমার দলের যে শক্তি আছে, সেটা ব্যাটসম্যান কেন্দ্রীক বা ব্যাটিং নির্ভর। আমার বিদেশী কোটায় যে পাচঁজন খেলছে (লুইস, আফ্রিদি, সাঙ্গাকারা, পোলার্ড ও নারিন ) তারা সবাই ব্যাট হাতে অবদান রাখতে পারে। রেখেছেও।’

সঙ্গে তিনি যোগ করেন, ‘যেহেতু পাঁচজনের বেশি ফরেনার খেলানো যাবে না, তাই আমিরকে খেলাতে হলে ঐ পাঁচজনের একজনকে বাদ দিতেই হবে। আর তা দিতে গেলেই আমার দল থেকে একজন ব্যাটসম্যান কমাতে হয়। আমি

আমার ব্যাটিং শক্তি কমিয়ে মাঠে নামবো কিনা, সেটাই ভাবছি। তাই বলতে পারছি না, আমির খেলবে কিনা। ওর খেলার সম্ভাবনা ফিফটি ফিফটি।’

এদিকে প্রতিপক্ষ কুমিল্লাকে সমীহর চোখেই দেখছেন ঢাকা কোচ। তার মূল্যায়ন, কুমিল্লাও বেশ সমৃদ্ধ দল। শক্ত প্রতিপক্ষ। তাই তো কন্ঠে এমন সংলাপ সুজনের, ‘দুটিই ভালো দল । দুই দলের সামর্থ ও শক্তি যথেষ্ট। দুই দলেই বেশ ক’জন ম্যাচ উইনারও আছে । আমার মনে হয় খুব ভালো খেলা হবে। মাঠে যারা সময় মত জ্বলে উঠতে পারবে, তারাই জিতবে।’

কোচ খালেদ মাহমুদ সুজনের কথা শুনে মনে হচ্ছে ঢাকা হয়ত আজ আমিরকে ছাড়াই মাঠে নামবে কুমিল্লার বিপক্ষে। কারণ ওপরে লুইস আর আফ্রিদিকে বাদ দেয়ার প্রশ্নই আসে না। আর পোলার্ড-নারিনও সার্ভিস দিচ্ছেন ভালো। বাদ দিতে হলে সাঙ্গাকারাকেই বাদ দিতে হয়। কিন্তু তার মেধা, মনন, প্রজ্ঞা আর অভিজ্ঞতার কথা ভাবলে আবার বাদ দেয়া কঠিন। সত্যিই মধুর সমস্যায় ঢাকা।

দেখা যাক, কোচ সুজন আর ক্যাপ্টেন সাকিব কিভাবে এ মধুর সমস্যার সমাধান করেন?