বাংলা নিউজ ডেস্ক:
বৃহস্পতিবার সন্ধ্যায় যশোরে সাংবাদিক আনন্দ দাসকে  গলা কেটে হত্যার চেষ্টা করে দৃর্বৃত্তরা। তাকে যশোর জেনারেল হাসপাতালের ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে যশোর সদরের চাঁচড়া বর্মনপাড়া বিলের পাশে।তিনি যশোর থেকে প্রতিদিনের কথার অ্যাসাইনমেন্ট এডিটর বলে নিশ্চিত করেছেন পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক ফারাজী আহমেদ সাঈদ বুলবুল।
আনন্দ দাস যশোরের কেশবপুর উপজেলার মাদারডাঙ্গা গ্রামের শিবপদ দাসের ছেলে। তিনি যশোর শহরের ষষ্ঠিতলা এলাকার বসবাস করেন।আনন্দ দাস জানান, সন্ধ্যায় তিনি চাঁচড়া বর্মণপাড়ার মাঠে দাঁড়িয়েছিলেন। এসময় তিন দুর্বৃত্ত তাকে পাশের বিলের কাছে নিয়ে যায়। এরপর ধারাল অস্ত্র দিয়ে তার দুই পায়ের গোড়ালি, বাম হাতের কব্জি ও গলায় পোঁচ মারে। এরপর তিনি অচেতন হয়ে পড়েন। কারা কী কারণে তাকে জখম করেছে- তা তিনি বলতে পারেননি। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।বর্মণপাড়ার অনুপ বসু সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই এলাকা থেকে একজন তাকে খবর দেন, বিলের মধ্যে কাদামাটি লাগানো এক ব্যক্তি পড়ে আছেন। এসময় আমি স্থানীয় লোকজন নিয়ে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাই।হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার হাবিবুর রহমান জানান, রোগীর শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাকে রক্ত দিতে হবে। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত।আনন্দ দাসের স্ত্রী সুস্মিতা দাস জানান, প্রতিদিনের মত সকালে অফিসে গিয়েছিল। দুপুরে খাবার আগে তাকে ফোন করলে, জানায় বাইরে আছি। ফিরতে দেরি হবে। এরপর বিকেল থেকে ফোন করেও কথা বলা সম্ভব হয়নি। বারবার ফোন বাজছিল। কিন্তু কেউ রিসিভ করছিল না। সন্ধ্যার দিকে কেউ একজন ফোন রিসিভ করে আমার পরিচয় জানতে চান। পরিচয় দেয়ার পর তিনি জানান, মাছের ঘেরের মধ্যে তিনি পড়ে আছেন। অবস্থাও ভালো না। এরপর স্থানীয়দের সহায়তায় মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে।
কোতোয়ালি থানার ওসি তদন্ত আবুল বাশার জানান, খবর শুনে তিনি হাসপাতালে গিয়েছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।