বাংলা নিউজ ডেস্ক:
শেখ হাসিনার উন্নয়ন জোয়ারে গণ-অভ্যুত্থান এখন জাদুঘরে অবস্থান করছে। আর এটির স্বপ্ন এখন দুঃস্বপ্নের নামান্তর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ঢাকার প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় এসব কথা বলেন তিনি।
পাশাপাশি তিনি (ওবায়দুল কাদের) বলেন, বর্তমান রাষ্ট্র ক্ষমতায় থাকা আওয়ামী লীগের শিকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে রয়েছে। তাই ধাক্কা দিয়ে এই বটবৃক্ষের পতন ঘটানো যাবে না। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে আন্দোলনের মাধ্যমে পতন ঘটানো হবে—বিএনপির নেতাদের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল সাহেব, ধাক্কা দিয়ে আওয়ামী লীগকে ফেলা যাবে না। আওয়ামী লীগ বিএনপি না।…মেয়র হানিফের জনতার মঞ্চের এক ধাক্কায় বিএনপি সরকারের পতন হয়েছিল। মনে আছে? আওয়ামী লীগ সেই দল।’
গণ-অভ্যুত্থান শব্দটি এখন জাদুঘরে দাবি করে ওবায়দুল কাদের বলেন,শেখ হাসিনা উন্নয়ন-অর্জন দিয়ে গণ-অভ্যুত্থান শব্দটিকে জাদুঘরে দিয়ে দিয়েছেন। দেশের জনগন শেখ হাসিনার সরকারের উন্নয়নে এত খুশি যে আপনারা সাড়ে আট বছর বারবার আন্দোলনের ডাক দিয়েও জনগণের সাড়া পাননি।’
এ সময় দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘৯১ সালের নির্বাচনে আওয়ামী লীগ তো জিতেই গেছে—এমন মানসিকতা ছিল। তখন নানা ষড়যন্ত্র ছিল। তবে জেতার আগেই জিতে গেছি, এই মানসিকতার পুনরাবৃত্তি যেন আগামী নির্বাচনে না হয়।’
এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।





