বাংলা নিউজ ডেস্ক:

খুব শীঘ্রই চলতি বছর অগাস্টে প্রকাশিত হয় জনপ্রিয় ব্যান্ডদল ‘চিরকুট’-এর তৃতীয় অ্যালবাম ‘উধাও’।

এবার সব শ্রোতার জন্য উন্মুক্ত হচ্ছে তাদের নতুন ছয় গানের অ্যালবাম। প্রাথমিকভাবে সিডি আকারে এবং নতুন বছরের শুরুতেই মিউজিক ভিডিও আকারে অন্তর্জালে উন্মুক্ত হতে যাচ্ছে এটি।

গ্লিটজের সঙ্গে আলাপকালে চিরকুট ব্যান্ডের পক্ষ থেকে দলটির ভোকাল শারমিন সুলতানা সুমী বলেন, “আমরা জানি, অনেকেই এখনও ‘উধাও’ শোনেননি। ইন্ডাস্ট্রির বাস্তবতার পরিবর্তন ঘটছে। টেকনোলজির সাথে হয়তো শ্রোতার এখনও পুরোপুরি একাত্ম হতে সময় লাগছে। প্রথম প্রথম একটু কষ্ট হবেই। তবে, এবার শ্রোতাদের জন্য অ্যালবামটি সিডি আকারে উন্মুক্ত করছি।”

ব্যস্ততম ব্যান্ডদল ‘চিরকুট’। প্লে-ব্যাক, স্টেজ শো’র পাশাপাশি চলতি মাসেই তারা দেশকে প্রতিনিধিত্ব করে এসেছে ভারতের ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত সাউথ এশিয়ান রিজিওনাল কনফারেন্স-এ।

সেখানে মিউজিকের ওপর বেশকিছু কর্মশালায় অংশ নিয়েছেন তারা। আন্তর্জাতিক পর্যায়ে নিজের ভাষায় দেশকে প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতার গল্প শুনিয়েছে স্থানীয় শিশুদের।

সুমী বললেন, “আন্তর্জাতিক আসরে দেশকে প্রতিনিধিত্ব করতে পারার অনুভূতি অন্যরকম। ওরা আমাদের আমন্ত্রণ জানিয়েছে এ কারণে যে, আমরা নিজেদের ভাষায় গান গেয়ে দেশকে বিশ্বসংগীতের আসরে প্রতিনিধিত্ব করতে পেরেছি।

তো, ওখানকার নতুন প্রজন্ম নিজ ভাষায় কথা খুব কম বলে, ইংরেজী বলে বা হিন্দি বলে। আমাদের ওপর অনুরোধ ছিল নিজ ভাষায় অবস্থান করেও যেভাবে আমরা সফল হয়েছি সে অভিজ্ঞতা তাদের জানাতে।

একটা গুরুত্বপূর্ণ কনফারেন্সও হয়েছে। ৩০টা দেশের ৬০জন ডেলিগেট আসেন, যারা মিউজিক নিয়ে কাজ করছেন। আমার ধারণাই ছিলো না মিউজিক নিয়ে পৃথিবীতে এত বৈচিত্রময় কাজ হচ্ছে। এই অভিজ্ঞতাটা নিয়ে আমি লিখবো।”

ব্যাঙ্গালুরু থেকে ফিরেই ঢাকা, বরিশাল, ফরিদপুর ও সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যালবাম নিয়ে উপস্থিত হচ্ছে ‘চিরকুট’ দল।

৫ ডিসেম্বর ড্যাফোডিল ইউনিভার্সিটির আশুলিয়া ক্যাম্পাসে, ৬ ডিসেম্বর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সেলিম আল দিন মুক্তমঞ্চে, ৮ ডিসেম্বর-বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের নাসিমুজ্জামান মেহেদি মিলনায়তনে,

১২ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় পায়রা চত্বরে, ১৮ ডিসেম্বর ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে, ২০-ডিসেম্বর সিলেটের লিডিং ইউনিভার্সিটি ক্যাম্পাসেও ২১ ডিসেম্বর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কনসার্ট করবে দলটি।

‘উধাও’ অ্যালবামটির গানের কথা লিখেছেন সুমী, একটি গান তার সঙ্গে লিখেছেন সাইফুল আকবর খান।

ইয়ন্ডার মিউজিকে না থাকলেও সিডিতে বাড়তি চমক হিসেবে থাকবে চিরকুটের সঙ্গে লাতিন আমেরিকান ব্যান্ড টোয়েন্টিফোর আওয়ার্সের গাওয়া ‘অন্তরে বাহিরে’ গানটি।

‘উধাও’ অ্যালবামের গানগুলোর মাস্টারিং করা হয়েছে যুক্তরাজ্যে। গানগুলোর সংগীতায়োজনে ছিলেন পাভেল আরীন, গিটার-বাঞ্জো-ম্যান্ডোলিন বাজিয়েছেন ইমন চৌধুরী, হারমোনিয়াম, কি–বোর্ড ও মেলোডিকা জাহিদ নিরব, বেজ গিটারে দিদার হাসান এবং কথা, সুর ও কণ্ঠে শারমীন সুলতানা সুমী।

প্লে-ব্যাকে জনপ্রিয়তা অর্জন করলেও চিরকুট মনে করে অ্যালবামে ব্যান্ড হিসেবে তাদের নিজস্বতা খুঁজে পাবেন শ্রোতা।

“সিনেমায় যেমন ডিরেক্টরের পছন্দ মতো গান করতে হয় অ্যালবামে তেমন নয়, এখানে আমরা অনেক স্বাধীন। নিজেদের মতো কিছু গান করেছি। যদি দু’একজন ভালোবেসে শোনে আমাদের গান তাতেই আমরা সার্থক। সবাই শুনলে তো কথাই নেই...”-বললেন সুমী।