আর্থিক সংকটের কারণে ইউরোপের বিভিন্ন দেশে
মোট ২১টি সামরিক স্থাপনা বন্ধ করে দেবে আমেরিকা। মার্কিন সেনা সদরদপ্তর
পেন্টাগন এ কথা ঘোষণা করেছে।
জন কিরবি খোলাখুলিভাবেই বলেছেন, জনগণের
ট্যাক্সের অর্থে ইউরোপের এসব সামরিক স্থাপনা চালু রাখার তেমন প্রয়োজনীয়তা
নেই। তিনি জানান, এটা হচ্ছে সামরিক স্থাপনা বন্ধের প্রথম ধাপ। এভাবে
জার্মানি, ইতালি, ডেনমার্ক, গ্রিস, ব্রিটেন এবং বেলজিয়ামসহ বিভিন্ন দেশের
সামরিক স্থাপনা বন্ধ করা হবে।
পেন্টাগন বলছে, ইউরোপের বিভিন্ন দেশে ২১টি
স্থাপনা বন্ধ করে দিলে বছরে ছয় কোটি ডলার বেঁচে যাবে। সার বিশ্বে
অর্থনৈতিক মন্দার কারণে আমেরিকা ও ইউরোপের বেশিরভাগ দেশ সাম্প্রতিক বছরগুলো
ব্যয়সংকোচনের নীতি নিয়েছে।
এসব ঘাঁটি বন্ধের বিষয়ে যদিও আমেরিকা আগেই
ঘোষণা দিয়েছিল তারপরও একে অনেকটা অপ্রত্যাশিত বলে মনে করা হচ্ছে কারণ
ইউক্রেন ইস্যুতে যখন ইউরোপীয় মিত্রদের পাশে থেকে আশ্বস্ত করার কথা তখন
আমেরিকা এসব সামরিক স্থাপনা গুটিয়ে নিচ্ছে।
গতকাল এক প্রেস ব্রিফিংয়ে পেন্টাগনের
প্রেস সেক্রেটারি রিয়ার অ্যাডমিরাল জন কিরবি জানিয়ছেন, এসব স্থাপনার
বেশিরভাগই মার্কিন ও ন্যাটোর বিনোদন এবং আবাসিক স্থাপনা হিসেবে ব্যবহৃত
হতো। তবে, কয়েকটি গোলাবারুদের স্থাপনাও বন্ধ করা হচ্ছে।
২৪ মে (রেডিও তেহরান)





