থাইল্যান্ডে সাবেক প্রধানমন্ত্রী ইংলাক চিনাওয়াট এবং তার পরিবারের সদস্যদের আটক করেছে সেনাবাহিনী।তাকে রাজধানী ব্যাংককের বাইরে একটি সেনা ক্যাম্পে রাখা হয়েছে। সেনা মুখপাত্র বলেছেন, তাদের প্রতি ভালো আচরণ করা হচ্ছে এবং তাদের এক সপ্তাহের বেশি আটক রাখা হবে না।
মুখপাত্র বলেছেন, সেনাবাহিনীর পক্ষপাতশূন্যতা দেখানোর জন্যই সব দলের নেতাদের আটক করা হয়েছে। তিনি বলেন, তাদের সময় দেয়া হচ্ছে যাতে তারা পরিস্থিতি নিয়ে ভাবতে পারেন, এবং তাতে হয়তো রাজনৈতিক সংকটের একটা নিষ্পত্তি বের হয়ে আসতে পারে।
এর আগে সেনাবাহিনীর পক্ষ থেকে মিজ ইংলাকসহ শতাধিক রাজনৈতিক নেতাকে এক সামরিক স্থাপনায় ডাকা হয়। বলা হয়, অন্যথায় তাদের গ্রেফতার করা হবে।
মিজ ইংলাককে প্রথমে ব্যাংককের একটি সামরিক স্থাপনায় কয়েক ঘন্টা রাখার পর তাকে একটি অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।
এ ছাড়া থাইল্যান্ডে সরকারবিরোধী বিক্ষোভকারী গোষ্ঠীগুলোর কয়েকজন নেতাকে সামরিক কর্তৃপক্ষের ভাষায় 'নিরাপদ ভবনে' আটক রাখা হয়েছে একটি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়।
অভ্যুত্থানকারী কর্মকর্তাদের নেতা নিজেই প্রধানমন্ত্রীর পদে আসীন হয়েছেন। সেনা কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন সাবেক প্রধানমন্ত্রী ইংলাক চিনাওয়াট সহ শতাধিক রাজনৈতিক নেতা। আজই কোন এক সময় তিনি রাজা ভুমিবল আদুল্যদেজের সাথে দেখা করবেন। গত রাতে জারি ছিল কারফিউ, স্বাধীন টিভি-রেডিও বন্ধ, সমাবেশ নিষিদ্ধ। রাস্তায় চলছে সেনা প্রহরা।




