বাংলা নিউজ ডেস্ক:
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপের মধ্য দিয়ে দেশে এক ধরনের নির্বাচনী আবহ তৈরি হলেও নির্বাচনকালীন সরকার নিয়ে অনড় অবস্থানে রয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। ক্ষমতাসীন ও বিরোধী দুই প্রধান দলের নেতাদের সাথে আলাপ করে জানা গেছে এখন পর্যন্ত নির্বাচনকালীন সরকার নিয়ে দল দুইটির অবস্থান পরিবর্তনের কোনো ইঙ্গিত শীর্ষ পর্যায় থেকে দেয়া হয়নি। যদিও উভয় দল নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।
ক্ষমতাসীন দলের নেতারা জানিয়েছেন বর্তমান সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হবে। সেভাবে দলের নির্বাচনী প্রস্তুতি শুরু হয়েছে। প্রার্থী নির্বাচনে একাধিক জরিপ চালানো হয়েছে। অপর দিকে বিরোধী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্পষ্টভাবে গত ১২ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রেখে কোনো নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য হবে না। এ ধরনের নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে হুশিয়ারি দেন বেগম খালেদা জিয়া।





