
বাংলা নিউজ ডেস্ক:
জাতীয় প্রবীণ নীতিমালা ২০১৩ অনুযায়ী কারো বয়স ৬০ বছর হলেই তাকে ‘প্রবীণ’ বলা হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, বয়স ৬০ হলেই প্রবীণ বলা উচিত না। ওই বয়সটাকে ৬৫ পর্যন্ত নিয়ে যাওয়া উচিত। সরকারের চলতি মেয়াদেই তা বদলানোর উদ্যোগ নিতে চান অর্থমন্ত্রী। সোমবার রাজধানীর একটি হোটেলে ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং সমাজ সেবা অধিদপ্তরের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি সই হয়। ওই অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী বলেছেন, ৬০ বছরেই প্রবীণ হওয়া এখন উচিত নয়। এটি একান্তই সত্যি কথা। আমাদের এটাকে অন্ততপক্ষে ৬৫ পর্যন্ত নিয়ে যাওয়া উচিত।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, আপনি উদ্যোগ নেন। আমি আপনার সঙ্গে আছি। আমাদের এই আমলেই, আমাদের আর এক বছর সময় আছে। এই এক বছরের মধ্যেই আমরা এটা পরিবর্তন করার প্রতিশ্রুতি দিতে পারি।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রবীণদের ভালো রাখা ও নিরাপদ রাখা সবার দায়িত্ব। সিনিয়র সিটিজেনদের কাছ থেকে আমাদের অনেক কিছু পাওয়ার আছে। তাদের অভিজ্ঞতা, তাদের দক্ষতা আমাদের সমাজকে আরো এগিয়ে নিয়ে যাবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। পরে ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং সমাজসেবা অধিদপ্তরের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তৈরি হবে প্রবীণদের জন্য রিসোর্ট ‘অবসর আমার আনন্দ ভুবন’।




