বাংলা নিউজ ডেস্ক:
উত্তর বঙ্গের প্রাণকেন্দ্র বগুড়ার কর অঞ্চলে আয়কর আদায়ের পাশাপাশি বেড়েছে কর দাতার সংখ্যা। গত অর্থ বছরে আয়কর আদায় বেড়েছে ৮০ কোটি টাকা। আর আয়কর দাতা বেড়েছে ২৯ হাজারের বেশি। ২৪ নভেম্বর থেকে ৩০ নভেম্বর আয়কর সেবা সপ্তাহে চলাকালে এ তথ্য জানা গেছে।
বগুড়া কর কমিশনারের কার্যালয় সূত্রে জানা গেছে, এ কর অঞ্চলে কার্যালয়ের যাত্রা শুরু হয় ২০১১ সালে। বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট ও গাইবান্ধা এ চার জেলা নিয়ে ২০১৪ সাল থেকে বগুড়া কর অঞ্চলের কার্যক্রম শুরু হয়। বর্তমানে ২২টি সার্কেল অফিস ও চারটি রেঞ্জ অফিস নিয়ে কর অঞ্চল সেবা দিয়ে যাচ্ছে। বগুড়া কর অঞ্চলে প্রায় এক লাখ ছয় হাজার করদাতা নিবন্ধিত রয়েছেন। এরমধ্যে অনেক আয়করদাতা বিভিন্ন কারণে অনিয়মিত হয়ে পড়েছেন। গত তিন বছরে এ অঞ্চলে রাজস্ব আদায় বেড়েছে ৮০ কোটি টাকা। আর ব্যক্তি ও প্রতিষ্ঠান মিলে করদাতার সংখ্যা বেড়েছে প্রায় ২৯ হাজার।
বগুড়া কর অঞ্চলে ২০১৪-১৫ অর্থ বছরে কর আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১৯০ কোটি টাকা। আদায় হয়েছে ১৫৫ কোটি টাকারও বেশি। ওই বছর কর প্রদান করেন ৩৪ হাজারের বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান। ২০১৫-১৬ অর্থ বছরে লক্ষ্যমাত্রা ছিল ১৭০ কোটি টাকা। এ বছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ২৪ কোটি টাকা বেশি আদায় হয়েছে। মোট প্রায় ৩৭ হাজার ব্যক্তি ও প্রতিষ্ঠান আয়কর প্রদান করেন। ২০১৬-১৭ অর্থ বছরে আয়কর আদায়ের লক্ষ্যমাত্র ধরা হয়েছিল ২৩০ কোটি টাকা। আদায় হয়েছে ২৩৫ কোটি টাকা। গত তিন বছরে বগুড়া কর অঞ্চলে ব্যক্তি ও প্রতিষ্ঠান মিলে করদাতার সংখ্যা বেড়েছে ২৯ হাজারের বেশি। আর কর আদায়ের পরিমাণ বেড়েছে ৮০ কোটি টাকা।
এ অঞ্চলে মোট ৯৭ হাজার ৬৫০ জন টিআইএনভুক্ত করদাতার কর অদায়ে চলতি অর্থ বছর মোট ৩৩৫ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। ইতিমধ্যে ১ নভেম্বর থেকে ৪ দিনব্যাপী আয়কর মেলার আয়োজন করা হয়। এবারের মেলায় মোট ৭ হাজার ৪৫৩ জন করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছেন। মেলা থেকে মোট ৪ কোটি ৮১ লাখ ৯১ হাজার টাকা আয়কর আদায় হয়েছে। যা গত বছরের মেলার তুলনায় ১ কোটি ৭১ লাখ টাকা বেশি।





