সোমালিয়ার পার্লামেন্ট ভবনে সশস্ত্র
ব্যক্তিদের হামলায় অন্তত ১০ ব্যক্তি নিহত হয়েছে। আজ (রোববার) রাজধানী
মোগাদিশুতে অবস্থিত পার্লামেন্ট ভবনের বাইরে পরপর দু’টি শক্তিশালী বোমা
হামলা চালানোর পর সন্ত্রাসীরা ভবনটিতে ঢুকে পড়ার চেষ্টা করে।
আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্ক
আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট আশ-শাবাব এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। এর
আগেও আশ-শাবাব গোষ্ঠী মোগাদিশুর প্রধান আদালত কমপ্লেক্স ও প্রেসিডেন্ট
প্রাসাদে একই ধরনের হামলা চালিয়েছে। সোমালিয়ার বর্তমান সরকারকে উৎখাতের
চেষ্টা করছে আশ-শাবাব।
হামলার সময় কঠোর নিরাপত্তা বেষ্টিত
পার্লামেন্টে সংসদ অধিবেশন চলছিল। নিরাপত্তারক্ষীরা সন্ত্রাসীদের প্রতিহত
করতে গেলে দু’পক্ষের মধ্যে তীব্র বন্দুকযুদ্ধ হয়। সংঘর্ষে অন্তত চার
নিরাপত্তা কর্মী ও ছয়জন বন্দুকধারী নিহত হয়। আহত হন দু’জন সংসদ সদস্যসহ
সাতজন।
২৪ মে (রেডিও তেহরান)





