পাকিস্তানের উপজাতি অধ্যুষিত
ওয়াজিরিস্তানে উগ্র তালেবান গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক বাহিনীর ‘জারবে আযব’
অভিযান অব্যাহত রয়েছে। করাচি বিমানবন্দরে হামলার এক সপ্তাহ পর পাক সামরিক
বাহিনী এ অভিযান শুরু করেছে এবং আগামী কয়েকদিনের মধ্যে স্থল বাহিনীর হামলা
জোরদার হতে পারে।
এদিকে, তালেবান নেতা হাফিজ গুল বাহাদুর
আত্মরক্ষামূলক যুদ্ধ শুরুর ঘোষণা দিয়েছেন। গতকাল তিনি বলেছেন, আজ
(শুক্রবার) থেকে তার অনুগতরা এ যুদ্ধ শুরু করবে। তার মুখপাত্র আহমাদুল্লাহ
আহমাদি বলেন, তারা পাকিস্তান তেহরিকে তালেবান বা টিটিপি’র অংশ নন;
শুধুমাত্র ক্ষয়ক্ষতি এড়াতে তারা আত্মরক্ষামূলক যুদ্ধ চালাবেন
এ পর্যন্ত সেখানে ২৩২ সন্দেহভাজন তালেবান
সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়া, অভিযানে আট সেনা নিহত এবং সাতজন আহত হয়েছে।
এসব অভিযান চালানোর সময় তালেবানদের ২০টি আস্তানা এবং পাহাড়ি এলাকায় দু’টি
গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র ও একটি বোমা তৈরির কারখানা ধ্বংস করা হয়েছে।
সামরিক সূত্রের তথ্য অনুযায়ী, মিরামশাহ ও
মির আলী এলাকায় অভিযান চলছে এবং তালেবান সন্ত্রাসীরা সেখান থেকে পালিয়ে
যাওয়ার চেষ্টা করলেও তা সম্ভব হয় নি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের তথ্য
অনুযায়ী, সন্ত্রাসীদের পালিয়ে যাওয়া ঠেকাতে উত্তর ওয়াজিরিস্তানের পুরোটাই
ঘিরে ফেলা হয়েছে। অভিযানে মোতায়েন করা হয়েছে সেনা, ট্যাংক ও বিমান।
এ পর্যন্ত ওয়াজিরিস্তান থেকে ঘর-বাড়ি
ছাড়তে বাধ্য হয়েছে ৭,০৩১টি পরিবার যার মোট সদস্য সংখ্যা প্রায় এক লাখ। আজ
হচ্ছে ওই এলাকা থেকে সরে যাওয়ার শেষ দিন।





