বাংলা নিউজ ডেস্ক:
মাসুম হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ বগুড়ার শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে স্কুল ছাত্রী নাজরীন আক্তার। সে উপজেলার আমরুল ইউনিয়নের বড়নগর গ্রামের নুরুজ্জামানের কন্যা এবং নগর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে সদ্য অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী একজন পরীক্ষার্থী। বড়নগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আমিনুর রহমান জোয়ারদার জানিয়েছেন, গত সোমবার সন্ধ্যায় বড়নগর গ্রামে নিজবাড়িতে স্কুল ছাত্রী নাজরীনের বিয়ের আয়োজন করে তার বাবা-মা। বিষয়টি জানতে পেরে বাল্য বিয়ে বন্ধে তাকে নির্দেশনা দেন শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুজ্জামান। নির্দেশনা পেয়ে আমরুল ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান অটল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ ফরিদ আহম্মেদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে তিনি নাজরীনের বাড়িতে হাজির হন। পরিস্থিতি বেগতিক দেখে বর’কে নিয়ে বর পক্ষের লোকজন চম্পট দেয়। এতে বাল্য বিয়ের অভিশাপ থেকে রক্ষা পায় স্কুল ছাত্রী নাজরীন।