বাংলা নিউজ ডেস্ক:
টেলিভিশনের পর্দায় নেচে দেখালেন আলোচিত সংসদ সদস্য শামীম ওসমান। সবাই তাকে অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তি হিসেবে চিনেন। তিনি জ্বালাময়ী বক্তৃতাও করেন। সেই মানুষটি নাচলেন? শুনে হয়তো একটু খটকা লাগতেই পারে। তবে ঘটনা ঠিক। তাও আবার ঘরোয়া পরিবেশে নয়, টেলিভিশনের পর্দায় নেচে দেখালেন নারায়ণগঞ্জ-৪ আসনের এই সাংসদ।
বেশ কিছুদিন ধরে বেসরকারি টেলিভিশন এটিএন বাংলায় প্রচার হচ্ছে রম্য ম্যাগাজিন অনুষ্ঠান ‘সেন্স অব হিউমার’। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। বিভিন্ন অঙ্গনের তারকাদের জীবনের নানা গোপন তথ্য উঠে আসায় ইতিমধ্যে বেশ আলোচিত হয়েছে জয়ের এই অনুষ্ঠানটি। এবার সেই অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন শামীম ওসমান। মঞ্চে সুবীর নন্দীর আলোচিত ‘বন্ধু তোর বরাত নিয়ে আমি যাবো’ গানের সুরে ঠোঁট মিলিয়ে নেচেছেন শামীম ওসমান।
সেন্স অব হিউমার অনুষ্ঠানে শামীম ওসমানের পর্বটি ২ ডিসেম্বর এটিএন বাংলায় প্রচার হবে। যেখানে তিনি তার রাজনৈতিক জীবনের নানা অজানা কথা তুলে ধরেছেন। জীবনের নানা উত্থান-পতনের গল্পও বলেছেন।
অনুষ্ঠানের একটি ভিডিওতে দেখা যায়, আলোচনার এক পর্যায়ে উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের কথা মতো ‘বন্ধু তোর বরাত নিয়ে আমি যাবো’ গানের সঙ্গে ঠোঁট মেলান ও নাচেন শামীম ওসমান।
সংক্ষিপ্ত নাচ শেষে উপস্থাপক জয় শামীম ওসমানকে বলেন, শামীম ভাই আপনি যে নাচলেন সেটা অসাধারণ হলেও আপনার নাচ অনেক দুর্বল। তাই কমপক্ষে দুই বছর লাগবে আপনার নাচ শিখতে।
তখন শামীম ওসমান উপস্থাপককে উদ্দেশ্য করে বলেন, আপনি আমাকে নাচের ট্রেনিং দেন।
অন্যদিকে কথার ফাঁকে শামীম ওসমান জানান, বিখ্যাত নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ তার ভাগ্নি। তিনি বলেন, তাকে (জয়) বলবো সে আমাকে শিখিয়ে দেব। এরপর যদি এই অনুষ্ঠানে আসি তখন আপনার চেয়ে ভালো নাচব।





